• ঢাকা
  • রবিবার, ১৬ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পররাষ্ট্র মন্ত্রণালয়

যে ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৬, ২০২৬, ০৭:৫৫ পিএম
যে ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কয়েক দিন ধরে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে সম্ভাব্য সময় জানিয়ে একের পর এক খবর প্রকাশ করেছে।

এরই মধ্যে এ সফর নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্রসচিব এ কে এম শহীদুল করিম। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লিকে বার্তা দিয়েছে ঢাকা। সেখানে তিন শর্তের কথা বলা হয়েছে। 

এ কে এম শহীদুল বলেন, বাংলাদেশ এবং ভারতের কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে একটি দ্বিপক্ষীয় সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন।

ত‌বে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের ফলে এই প্রক্রিয়াটি বিঘ্নিত হয়েছে, যিনি মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছেন। 

তিনি বলেন, ‘আমরা এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি যে এ সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া, ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের প্রত্যর্পণ এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করলেই প্রধানমন্ত্রী ভারত সফর করবেন।’

উল্লেখ্য, ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের কাছে একাধিকার চিঠি দিয়েছে সরকার।

এসএইচ 

Link copied!