• ঢাকা
  • রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শরীয়তপুরে দিনের আলোতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশ বলছে অজানা


শরীয়তপুর প্রতিনিধি সেপ্টেম্বর ৬, ২০২৬, ০১:৪৩ পিএম
শরীয়তপুরে দিনের আলোতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশ বলছে অজানা

ছবি: প্রতিনিধি

শরীয়তপুরে দিনের আলোতে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং কারাবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত এই মিছিলে অন্তত শতাধিক নেতাকর্মী অংশ নেন।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে নেতাকর্মীরা ঢাকা-শরীয়তপুর সড়কে মিছিল করছেন। মিছিলের কারণে সড়কে একটি ট্রাক আটকে পড়ে এবং পাশ দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। এ সময় আন্দোলনকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা লড়বে’সহ নানা স্লোগান দেন। তাদের অনেকের হাতে জাতীয় পতাকা ছিল।

এদিকে দিনদুপুরে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের এত বড় মিছিল অনুষ্ঠিত হলেও পুলিশ বলছে বিষয়টি তাদের জানা ছিল না।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ভোরের এই মিছিলের বিষয়ে কোনো পূর্ব তথ্য তাদের কাছে ছিল না। স্থানটি পালং ও নড়িয়া থানার সীমান্তবর্তী এলাকা হওয়ায় হঠাৎ মোটরসাইকেলে এসে স্বল্প সময়ের মধ্যে মিছিল করে তারা চলে যায়। খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 

Link copied!