ছবি : প্রতিনিধি
ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে টাকার অভাবে থমকে আছে দুই বছর বয়সী শিশু সোহান হোসেনের টিউমার অস্ত্রোপচার। জন্মের পর থেকেই শরীরে টিউমার নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। সময়ের সঙ্গে সঙ্গে টিউমারটির আকার বড় হওয়ায় দিন দিন বাড়ছে অসহ্য যন্ত্রণা।
চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেও অর্থাভাবে সন্তানের চিকিৎসা করাতে পারছেন না অসহায় দিনমজুর বাবা-মা।
শিশু সোহান রাজাপুর উপজেলার চর ইন্দ্রপাশা আবাসন এলাকার বাসিন্দা দিনমজুর মনির হোসেন ও ঝুমুর বেগম দম্পতির ছেলে।
সোহানের মা ঝুমুর বেগম বলেন, “জন্মের পর থেকেই ছেলের শরীরে টিউমারটি রয়েছে। দিন যত যাচ্ছে, টিউমারটি বড় হয়ে ওর কষ্ট তত বাড়ছে। যন্ত্রণায় বাচ্চাটা সারাদিন কান্নাকাটি করে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে কয়েক দফায় চিকিৎসা করিয়েছি। কিন্তু টানা চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই।”
পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসকরা সোহানকে দ্রুত ঢাকা শিশু হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন। তবে দিন এনে দিন খাওয়া মনির হোসেনের পক্ষে এই বিপুল চিকিৎসার খরচ বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সন্তানকে চোখের সামনে কষ্ট পেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
সন্তানকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কাছে আকুল আবেদন জানিয়েছে শিশুটির পরিবার। বিত্তবানদের একটু সহায়তাই পারে কোলজুড়ে থাকা শিশুটির মুখে হাসি ফোটাতে।
পিএস







































