• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরিষাবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আজিম উদ্দিন আহমেদ আর নেই


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি অক্টোবর ২, ২০২৬, ০১:০৪ পিএম
সরিষাবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আজিম উদ্দিন আহমেদ আর নেই

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ১৯৮১ সাল থেকে আমৃত্যু সরিষাবাড়ী থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন। আজ শুক্রবার বিকেল ৫টায় সরিষাবাড়ী আরইউটি স্কুল মাঠে তাঁর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় তিনি যেমন এলাকার মানুষের আস্থার প্রতীক ছিলেন, তেমনি ব্যক্তিগত জীবনেও একজন সফল পিতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর সন্তানরা প্রত্যেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত রয়েছেন। প্রবীণ এই নেতার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এক শোকবার্তায় তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম আজিম উদ্দিন আহমেদ ১৯৮১ সাল থেকে নিষ্ঠার সঙ্গে সরিষাবাড়ী থানা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি সরিষাবাড়ী উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাঁর সাহসী ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।

বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এসএইচ 

Link copied!