• ঢাকা
  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যেভাবে ঘুমাতেন  রাসূল (সা:), পড়তেন যেসব সূরা


সোনালী ডেস্ক অক্টোবর ২৪, ২০২৬, ০৫:৪৯ পিএম
যেভাবে ঘুমাতেন  রাসূল (সা:), পড়তেন যেসব সূরা

ছবি: প্রতীকী

সারাদিনের ক্লান্তি ও ব্যস্ততা শেষে রাতের বিছানায় যাওয়ার মুহূর্তটি মুমিনের জন্য একান্ত প্রশান্তির। এ সময় মহান আল্লাহর জিকির, ইবাদত এবং তাঁর কাছে পূর্ণ নিরাপত্তার প্রার্থনা করার মাধ্যমে দিনটি শেষ করা সুন্নতের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ (সা.) ঘুমানোর আগে নিয়মিত কিছু সুন্নাত আমল করতেন, যার মধ্যে তিন কুল (সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস) পড়ার আমলটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময়।

হাদিসের আলোকে আমলের নিয়ম
উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে যে, প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) প্রতি রাতে যখন বিছানায় ঘুমাতে যেতেন, তখন তাঁর দুই হাতের তালু একত্র করতেন। তারপর তাতে ফুঁ দিয়ে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পাঠ করতেন। এরপর দুই হাত দিয়ে শরীরের যতদূর সম্ভব অংশ মুছে নিতেন। হাত মোছা শুরু করতেন মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে। তিনি এভাবে পুরো প্রক্রিয়াটি তিনবার করতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫০১৭)

তিন সুরার বিশেষ ফজিলত ও তাৎপর্য

১. সুরা ইখলাস: এটি পবিত্র কুরআনের ১১২ নম্বর সুরা। মহান আল্লাহর এককত্ব ও তাওহীদের ঘোষণা সংবলিত এই সুরার মর্যাদা অত্যন্ত বেশি। হাদিসে এসেছে, সুরা ইখলাস পাঠ করা পুরো কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ করার সমতুল্য (সহিহ বুখারি, ৫০১৩)। এছাড়া রাতে শোয়ার সময় নিয়মিত সুরা ইখলাস পাঠ করার বিষয়েও বিশেষ ফজিলতের বর্ণনা রয়েছে।

২. সুরা ফালাক: এটি কুরআনের ১১৩ নম্বর সুরা। জাদুটোনা, হিংসুক ব্যক্তির হিংসা এবং সব ধরনের অনিষ্ট ও অশুভ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মাধ্যম হলো এই সুরা। মহান রাব্বুল আলামিন বিভিন্ন বিপদাপদ ও ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার জন্য এই সুরার আমল মুমিনকে দান করেছেন।

৩. সুরা নাস: এটি পবিত্র কুরআনের ১১৪তম ও সর্বশেষ সুরা। শয়তানের কুমন্ত্রণা, প্ররোচনা এবং মানুষের অন্তরে وسوسَة (ওয়াসওয়াসা) সৃষ্টিকারী অদৃশ্য শক্তির হাত থেকে বাঁচার সর্বোত্তম হাতিয়ার এটি। সকাল-সন্ধ্যা ও ঘুমানোর আগে এই সুরা পাঠ করলে সব ধরনের বিপদ-আপদ ও শয়তানের প্রবঞ্চনা থেকে নিরাপদ থাকা যায় (তিরমিজি, হাদিস: ২৯০৩)।

দিনের শেষ সময়ে এই ছোট্ট আমলটি পালনের মাধ্যমে একজন মুমিন যেমন আল্লাহর রাসুলের সুন্নাত অনুসরণ করেন, তেমনই মহান আল্লাহর রহমতের ছায়ায় একটি নিরাপদ ও শান্তিময় রাতের ঘুম লাভ করেন।

এসএইচ 

Link copied!