মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪৪(ক) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সারা দেশে একাধিক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই ট্রাইব্যুনালগুলোর বিপরীতে স্থানীয় এখতিয়ারও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জারি করা এই প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।
গেজেট প্রকাশিত তালিকায় ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন বিভাগ ও জেলার জন্য মোট ২২টি ক্রমিকে পৃথক পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের কথা উল্লেখ রয়েছে, যেগুলোর বিপরীতে সংশ্লিষ্ট জেলা, মহানগর ও থানাভিত্তিক এখতিয়ারও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত টেবিলে বর্ণিত মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালসমূহ গঠন করা হলো এবং সেই সঙ্গে প্রতিটি ট্রাইব্যুনালের বিপরীতে জেলা, মহানগর ও থানাভিত্তিক স্থানীয় এখতিয়ারও নির্ধারণ করা হলো।
প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজধানী ঢাকার জন্য পৃথক তিনটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এর মধ্যে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল, ঢাকার এখতিয়ারে রয়েছে সমগ্র ঢাকা জেলা এলাকা। মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল, ঢাকা মহানগর-১-এর আওতায় রাখা হয়েছে পল্লবী, কাফরুল, মিরপুর, শাহআলী, দারুসসালাম, রূপনগর, ভাষানটেক, তেজগাঁও, তেজগাঁও শিল্প এলাকা, হাতিরঝিল, শেরে বাংলা নগর, রমনা এবং শাহবাগ থানা এলাকা।
আর মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল, ঢাকা মহানগর-২-এর এখতিয়ারে রয়েছে কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, আদাবর, কোতোয়ালী, বংশাল, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর এবং মোহাম্মদপুর থানা এলাকা।
প্রজ্ঞাপনে বলা হয়, এ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন অন্যূন ৫ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাগুলো বর্তমান আদালত থেকে নতুন ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে।
কোনো মামলা যে পর্যায়ে স্থানান্তরিত হবে, সেই পর্যায় থেকে মামলার বিচারকাজ পরিচালিত হবে। এমন শাস্তিযোগ্য বিচারাধীন মাদকের মামলা আছে ১ লাখ ৬৬ হাজার ৩৩৩টি। এর মধ্যে ঢাকা মহানগর এলাকায় মামলা আছে ২১ হাজার ৯২০টি।
এম







































