ফাইল ছবি
রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজারে একটি গয়নার দোকানে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সদস্য, এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং তাদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এস এম মোস্তাক আহমেদ, সিআইডির সদস্য মো. হাসান শেখ এবং তাদের সহযোগী মো. আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাঁতিবাজারের 'মায়ের আশীর্বাদ' নামের একটি গয়নার দোকানে গিয়ে ওই তিনজন নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তারা দোকানের মালিককে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে দোকানের মালিক লিটন দেব বিষয়টি দ্রুত ডিএমপির গোয়েন্দা শাখাকে (ডিবি) অবহিত করেন।
তথ্য পাওয়ার পর ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে সিআইডির একটি ছাই রঙের জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, একটি পুলিশ ফিল্ড ক্যাপ এবং 'এস.এম মোস্তাক আহমেদ, পুলিশ পরিদর্শক, সিআইডি, ঢাকা' লেখা একটি সিল জব্দ করা হয়।
এ ঘটনায় গয়নার দোকানের মালিক লিটন দেব বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসএইচ







































