• ঢাকা
  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৫, ২০২৬, ০৫:৫৩ পিএম
শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

ছবি: সংগৃহীত

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নেতারা দেশে ফিরতে চাইলে তা প্রত্যর্পণ চুক্তির আওতায় হতে হবে। সরকার ইতিমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাকে ফেরত চেয়ে সংশ্লিষ্ট দেশের কাছে চিঠি দিয়েছে এবং ওই দেশ বিষয়টি আইনানুগভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন আসি বা আসিব বলিয়া কতদিন পার হবে, কোন দিন; একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তারিখ; এগুলোতে আমাদের মনোযোগ নাই। আমরা সবসময় সতর্ক আছি।

তিনি জানান, বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাওয়া হয়েছে। এ ধরনের প্রত্যর্পণ নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং দুই দেশের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ বিষয়ে যোগাযোগ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সংশ্লিষ্ট দেশের আমাদের কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই পত্র দিয়েছি। এবং তারাও আইনানুগভাবে সেটা পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেবেন বলে বক্তব্য দিয়েছেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত দায়িত্ব পালন করবে। এ ধরনের কোনো কর্মসূচি থাকলে তা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিএস

Link copied!