• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মে মাসের জ্বালানি তেলের দাম নিয়ে যা বলছে সরকার 


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬, ০৭:৫৩ পিএম
মে মাসের জ্বালানি তেলের দাম নিয়ে যা বলছে সরকার 

ফাইল ছবি

মে মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমান দর বহাল রেখেই মে মাসে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিন বিক্রি হবে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সর্বশেষ নির্ধারিত মূল্যহার ১ মে থেকেও বলবৎ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৮ এপ্রিল নির্ধারিত ভোক্তা পর্যায়ের দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই মূল্যহার মে মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসেই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে সরকার। সেই ধারাবাহিকতায় মে মাসের জন্য এই নতুন প্রজ্ঞাপন জারি করা হলো। তবে এবার দাম না বাড়িয়ে বর্তমান দরই কার্যকর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএইচ 

Link copied!