• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্কয়ার ফার্মার ৭২৫ কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৭, ২০২৬, ০৭:১১ পিএম
স্কয়ার ফার্মার ৭২৫ কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ

ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। একইসঙ্গে ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণে কারখানার সংস্কার, আধুনিকায়ন ও মূলধনি যন্ত্রপাতি কেনাসহ বিভিন্ন খাতে ৭২৫ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে বিষয়টি জানা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৫-২৬ অর্থবছরে স্কয়ার ফার্মার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩১ টাকা ২৪ পয়সা। আর গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭৮ টাকা ৯৯ পয়সা।

ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে কোম্পানিটি। এ সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১৬ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল স্কয়ার ফার্মা। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ২৭ টাকা ৪ পয়সা। অর্থাৎ, আগের অর্থবছরের তুলনায় এবার শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪ টাকা ২০ পয়সা এবং নগদ লভ্যাংশের হার বেড়েছে ১০ শতাংশ।

এদিকে ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণ ও উৎপাদন সক্ষমতা বাড়াতে ৭২৫ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এ অর্থ কারখানার সংস্কার, ভারসাম্য রক্ষা, প্রতিস্থাপন ও আধুনিকায়ন (বিএমআরই), মূলধনি যন্ত্রপাতি সংগ্রহ এবং জমি কেনার কাজে ব্যয় করা হবে।

এএইচ/পিএস

Link copied!