• ঢাকা
  • শনিবার, ১৫ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৫, ২০২৬, ০১:৫৪ পিএম
রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর

ফাইল ছবি

ঢাকা: সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করা ঠিকাদাররা ভ্যাট ও কর ফাঁকি দিচ্ছে কি না তা খতিয়ে দেখতে চলমান প্রকল্প এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।

সম্প্রতি সিআইসি সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলীর কাছে এ ধরনের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

চিঠিতে চলমান উন্নয়ন প্রকল্পের নাম, প্রকল্পের ধরন, উন্নয়ন সহযোগী, ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন), ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন), প্রকল্পের মোট ব্যয় এবং প্রকল্প শুরুর তারিখসহ বিস্তারিত তথ্য চেয়েছেন সিআইসির মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিব। পরে সওজ তাদের আওতাধীন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে এসব তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে।

সওজকে পাঠানো চিঠিতে সিআইসি বলেছে, তাদের কাছে তথ্য রয়েছে যে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর ঠিকাদাররা যথাযথভাবে সরকারি রাজস্ব জমা দিচ্ছেন না। এ অভিযোগের সত্যতা যাচাই করতেই প্রকল্প ও ঠিকাদারভিত্তিক তথ্য চাওয়া হয়েছে।

ফলে শুধু প্রকল্পের আর্থিক আকার নয়, কোন ঠিকাদার কোন প্রকল্পে কাজ করছেন এবং তাদের কর ও ভ্যাট নিবন্ধনের তথ্যও মিলিয়ে দেখবে রাজস্ব গোয়েন্দা সংস্থাটি।

চিঠিতে সিআইসি বলেছে, ‘এ দপ্তরে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের ঠিকাদাররা যথাযথভাবে সরকারি রাজস্ব জমা প্রদান করছেন না।’ এ অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দিষ্ট ছক অনুযায়ী তথ্য দিতে বলা হয়েছে।

একই সঙ্গে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৮২ অনুযায়ী সহযোগিতা চাওয়া হয়েছে।

এনবিআরের চাহিদা অনুযায়ী প্রতিটি চলমান উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে অন্তত আট ধরনের তথ্য দিতে হবে। এগুলো হলো—প্রকল্পের নাম, প্রকল্পের ধরন, উন্নয়ন সহযোগীর নাম, ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম, ঠিকাদারের বিআইএন ও টিআইএন, প্রকল্পের মোট ব্যয় এবং প্রকল্প শুরুর তারিখ। প্রকল্পের ধরন হিসেবে সরকারি অর্থায়ন, বৈদেশিক সহায়তা বা অর্থায়নের অন্যান্য উৎসও উল্লেখ করতে বলা হয়েছে।

পিএস

Link copied!