• ঢাকা
  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নতুন পূর্ণাঙ্গ পর্ষদের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ 


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৪, ২০২৬, ০৪:০৭ পিএম
নতুন পূর্ণাঙ্গ পর্ষদের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ 

ছবি : প্রতিনিধি

ঢাকা: দুই মাসের বেশি সময় ধরে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ছাড়াই চলছে ইসলামী ব্যাংক। একটি ব্যাংক পর্ষদ ছাড়া চলতে পারে না। অংশীজনদের সঙ্গে আলোচনা করে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে দ্রুত পূর্ণাঙ্গ ও স্বাধীন পর্ষদ গঠনের দাবি জানিয়েছেন সচেতন গ্রাহকরা।

সোমবার (২৪ আগস্ট) ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সংগঠনের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোতাছিম বিল্লাহর সঞ্চালনায় সমাবেশে ব্যাংকের গ্রাহক ও শেয়ারহোল্ডাররা বক্তব্য দেন।

সমাবেশে অধ্যাপক নুর নবী মানিক বলেন, একটি ব্যাংক পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ছাড়া চলতে পারে না। তাই দ্রুত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। অংশীজনদের সঙ্গে আলোচনা করে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পর্ষদ গঠনের দাবি জানান তিনি।

আইনজীবী পরিবর্তন ও বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ তুলে অধ্যাপক নুর নবী মানিক বলেন, সরকারের ভেতরে থাকা এস আলম গ্রুপের সুবিধাভোগীরা ইসলামী ব্যাংকের মালিকানা-সংক্রান্ত বিচারিক মামলায় প্রভাব বিস্তার করছেন। ইসলামী ব্যাংকের দায়ের করা মামলা যখন নিষ্পত্তির চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার কাইয়ুমকে পরিবর্তন করে একজন জুনিয়র আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পক্ষের আইনজীবীকেও পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে পূর্ণাঙ্গ ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠন, ২০১৭ সালে পরিবর্তন হওয়া ব্যাংকের মালিকানা প্রকৃত ও আদি মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া, ব্যাংক লুটেরাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং ইসলামী ব্যাংক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যবস্থা নেওয়া।

এ ছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে ব্যাংকের দায় পরিশোধের ব্যবস্থা, এস আলমসহ ব্যাংক লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকের দেনা পরিশোধ, ব্যাংক ও আর্থিক খাতে অনিয়মকারীদের পুনর্বাসনের সুযোগ বন্ধ এবং সংসদে ইসলামী ব্যাংক নিয়ে দেওয়া অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি।

এএইচ/পিএস

Link copied!