• ঢাকা
  • শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাগেরহাটে দরিদ্র দুই ‎মেধাবীকে সংবর্ধনা দিল ছাত্রদল


বাগেরহাট প্রতিনিধি আগস্ট ২১, ২০২৬, ০৪:০০ পিএম
বাগেরহাটে দরিদ্র দুই ‎মেধাবীকে সংবর্ধনা দিল ছাত্রদল

ছবি : প্রতিনিধি

‎বাগেরহাট: ‎বাগেরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই দরিদ্র মেধাবী শিক্ষার্থী অরিত্র সরকার ও দূর্জয় ঘরামীকে সংবর্ধনা দিয়েছে জেলা ছাত্রদল। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বাগেরহাট পৌর ছাত্রদলের কার্যালয়ে এই সংবর্ধনায় দুই দরিদ্র মেধাবীর হাতে ক্রেস্ট, সম্মননা ও নগদ অর্থ তুলে দেন জেলা ছাত্রদলের নেতারা।

এসময়ে দরিদ্র এই মেধাবী শিক্ষার্থীদের আগামীতে পড়ালেখার খরচ চালিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ছাত্রদল। ছাত্রদলের সংবর্ধনা পেয়ে খুশি এই শিক্ষার্থীরা। সবার সহযোগিতা নিয়ে পড়ালেখা করে তাদের লালিত স্বপ্ন পূরণ চায় এই শিক্ষার্থীরা।

এই দুই শিক্ষার্থীরা হলেন- বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অরিত্র সরকার ও কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দূর্জয় ঘরামী। এই দুই দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবারের মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পায়।

‎সংবর্ধনায় বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন, সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হাওলাদার বাবু, ছাত্রদল নেতা ওয়ালিদ হোসাইন, শামিম মুন্সি, সামির আহমেদ, রোহিত হালদার, আল আমিন শেখ, আদনান ফাহিম, রিজভী আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

‎অরিত্র সরকার ও দূর্জয় ঘরামী জানান, ছাত্রদলের সংবর্ধনা পেয়ে আমরা আনন্দিত। আমরা ভবিষ্যতে প্রকৌশলী হতে চাই। ছাত্রদল পড়ালেখা চালিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করে আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। আমাদের জার্নিটা সহজ ছিল না। দারিদ্রতার সাথে লড়াই করে আজ এই সাফল্য পেয়েছি। ছাত্রদল পাশে থাকলে আমাদের স্বপ্নপূরণ হবে।

‎বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রদলকে বলেছেন সব সময় ছাত্রদের পাশে থাকতে। এবারের অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় দরিদ্র শিক্ষার্থী অরিত্র ও দূর্জয় খুব কষ্ট করে লেখাপড়ার খরচ যুগিয়ে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে। তারা ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। তাদের পড়ালেখা এগিয়ে নিতে ছাত্রদল তাদের পাশে রয়েছে। আজ যেমন পাশে থাকছি, ভবিষ্যতেও ছাত্রদলের নেতাকর্মীসহ বিএনপি তাদের পাশে থাকবে।

পিএস

Link copied!