• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ব্যাংকের প্রতিনিধি পরিচালক হতে মালিকানা থাকতে হবে ২–২০ শতাংশ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৭:৩৭ পিএম
ব্যাংকের প্রতিনিধি পরিচালক হতে মালিকানা থাকতে হবে ২–২০ শতাংশ

ফাইল ছবি

ঢাকা: ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে ‘প্রতিনিধি পরিচালক’ মনোনয়নের ক্ষেত্রে নতুন শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো শেয়ারধারক কোম্পানির মনোনীত প্রতিনিধি পরিচালককে সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অথবা পরিচালক হতে হবে। একই সঙ্গে তাঁর নিজের নামে ওই শেয়ারধারক কোম্পানিতে নির্দিষ্ট পরিমাণ মালিকানাও থাকতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত একটা সার্কুলার জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা এক নির্দেশনায় ব্যাংক-কোম্পানির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, শেয়ারধারক কোম্পানির আর্থিক সক্ষমতার তুলনায় অস্বাভাবিক বিনিয়োগ কমানো এবং প্রতিনিধি পরিচালকদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো কোম্পানি তার নিট সম্পদের (নেট ওয়ার্থ) পরিমাণের বেশি মূল্যমানের শেয়ার কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না। কোনো কোম্পানির ব্যাংক-কোম্পানিতে থাকা শেয়ারের মূল্য এ সীমা অতিক্রম করলে নির্ধারিত সময়ের মধ্যে তা সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।

এ ছাড়া শেয়ারধারক কোম্পানির পক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদে মনোনীত প্রতিনিধি পরিচালককে ওই শেয়ারধারক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অথবা পরিচালক হতে হবে।

প্রতিনিধি পরিচালক হিসেবে মনোনয়নের আগে সংশ্লিষ্ট ব্যক্তির নিজের নামে শেয়ারধারক কোম্পানিতে ন্যূনতম মালিকানা নিশ্চিত করার বাধ্যবাধকতাও দেওয়া হয়েছে। তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিশোধিত মূলধনের কমপক্ষে ২ শতাংশ এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা থাকতে হবে। প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পুরো সময় এই মালিকানা বজায় রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের জন্য আবেদন করার সময় মনোনীত ব্যক্তির সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানিতে মালিকানা বা স্বত্ব থাকার প্রমাণপত্রও জমা দিতে হবে। প্রতিনিধি পরিচালক নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সার্কুলার জারির আগে ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে নিয়োগ পাওয়া প্রতিনিধি পরিচালককে পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে।

ব্যাংক-কোম্পানির পরিচালকদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পর্ষদ সভায় সার্কুলারের বিষয়গুলো উপস্থাপন করতে হবে। পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা ও শেয়ারধারকদেরও এ বিষয়ে অবহিত করতে বলা হয়েছে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এসআই

Link copied!