• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে স্কেলের গেজেট ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৭:৩৮ পিএম
পে স্কেলের গেজেট ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে

ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের কাঙ্ক্ষিত নতুন জাতীয় বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রক্রিয়া আরও এক ধাপ এগোল। অর্থ মন্ত্রণালয়ে প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া ও নির্দেশাবলি প্রস্তুত শেষে প্রজ্ঞাপনের চূড়ান্ত খসড়া ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন কাঠামো-২০২৬’ অনুমোদিত হওয়ার পর গেজেট জারির বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে সামরিক-বেসামরিক কর্মকর্তা ও বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রজ্ঞাপনের খসড়ায় অন্তর্ভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ের কিছুটা বাড়তি সময় লাগে। অবশেষে সেই প্রক্রিয়া শেষ করে আইনি অসংগতি ও শব্দবিন্যাস যাচাইয়ের জন্য খসড়াটি পাঠাল অর্থ বিভাগ।

আইন মন্ত্রণালয়ে সংবিধান ও সংশ্লিষ্ট বিধিমালার সঙ্গে খসড়ার সামঞ্জস্য পরীক্ষা-নিরীক্ষা করার পর চূড়ান্ত অনুমোদনের জন্য তা বিজি প্রেসে পাঠানো হবে। বিজি প্রেস থেকে মুদ্রণ সম্পন্ন হলেই অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে গেজেট জারি করবে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এ প্রসঙ্গে জানান, মন্ত্রিসভায় অনুমোদনের পর বিভিন্ন জটিল আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বলেই গেজেট প্রকাশে কিছুটা সময় লাগে।

নতুন এই বেতন কাঠামোতে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও গেজেট প্রকাশের মাধ্যমেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

এসএইচ 
 

Link copied!