• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরকারি চাকরিজীবীদের পে স্কেলের নতুন হিসাব-নিকাশ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:৪৮ পিএম
সরকারি চাকরিজীবীদের পে স্কেলের নতুন হিসাব-নিকাশ

ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন খবর। জাতীয় বেতন কাঠামোয় মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের মূল বেতনের হার উল্লেখযোগ্যভাবে বড় এক লাফ দিচ্ছে। তবে একই সঙ্গে মূল বেতনের অনুপাতে বাড়ি ভাড়ার হার এবং বাংলা নববর্ষ ভাতায় কাটছাঁট করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুতি অনুযায়ী নতুন এই বেতন কাঠামোর অধিকাংশ ভাতা কার্যকর হবে ২০২৮ সালের জানুয়ারি থেকে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমবারের মতো সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ভাতার আওতায় নিয়ে আসা হচ্ছে। এতে ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল পাবেন। তবে প্রথম থেকে পঞ্চম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে এই ভাতা কমিয়ে মাসে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জীবনযাত্রার খরচ বৃদ্ধি পাওয়ায় যাতায়াত ভাতা বেড়ে ৬০০ টাকা, টিফিন ভাতা ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ৩০০ টাকা করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বাড়ি ভাড়ার ক্ষেত্রে ঢাকা সিটি করপোরেশন এলাকায় বিদ্যমান ৫০ থেকে ৬৫ শতাংশের হার কমে দাঁড়াচ্ছে ৪০ থেকে ৬০ শতাংশে। মূল বেতনের শতাংশের হিসাবে এটি কমলেও টাকার অঙ্কে শেষ পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিই পাবে। অন্যদিকে, বাংলা নববর্ষের উৎসব ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাহাড়, হাওর ও চরাঞ্চলের বিশেষ ভাতা পূর্বের ২০ শতাংশ বহাল থাকলেও সেক্ষেত্রে সর্বোচ্চ সীমা পাঁচ হাজার ও সাড়ে পাঁচ হাজার টাকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

চিকিৎসা ভাতায় নতুন কাঠামোয় যুক্ত হয়েছে বয়সভিত্তিক বিন্যাস। ৫০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে তিন হাজার টাকা এবং ৫০ থেকে ৬০ বছর বয়সীদের চার হাজার টাকা দেওয়া হবে। এছাড়া ৬০ থেকে ৭০ বছর বয়সী পেনশনাররা মাসে পাঁচ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সীরা ছয় হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন। ১ থেকে ৫ গ্রেডের উচ্চ পদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কমানো হলেও ঝুঁকি ভাতাসহ বিভিন্ন বিশেষ ভাতা বিদ্যমান হারের চেয়ে ২০ শতাংশ বাড়ানো হয়েছে।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন কাঠামো-২০২৬’ অনুমোদন লাভ করে। বর্তমানে অর্থ মন্ত্রণালয় বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করে চূড়ান্ত গেজেট প্রণয়নের কাজ চালিয়ে যাচ্ছে। গেজেট প্রকাশের মাধ্যমেই দ্রুত সময়ে বাস্তবায়নের পথে হাঁটবে নতুন এই বেতন স্কেল।

এসএইচ 

Link copied!