• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বেক্সিমকো ও শাইনপুকুরের নতুন বোর্ড অনুমোদন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৭, ২০২৬, ০৪:১০ পিএম
বেক্সিমকো ও শাইনপুকুরের নতুন বোর্ড অনুমোদন

ফাইল ছবি

বেক্সিমকো গ্রুপের শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) এবং শাইনপুকুর সিরামিকসের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিএসইসির ১০৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (৭ অক্টোবর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, বেক্সিমকোর নতুন পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে থাকছেন এ এস এফ রহমান। এ ছাড়া পরিচালক হিসেবে থাকছেন ওকে চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ। এ পর্ষদে শাহ মঞ্জুরুল হককে স্বতন্ত্র পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ অনুসরণ করে আরও ১ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে।

অন্যদিকে, শাইনপুকুর সিরামিকসের নতুন পর্ষদেও চেয়ারম্যান হিসেবে এ এস এফ রহমান এবং পরিচালক হিসেবে ওকে চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির ও কায়ামরুন নাহার আহমেদকে রাখার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি করপোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী আরও ২ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হবে।

বিএসইসির নথি অনুযায়ী, আদালতের মৌখিক নির্দেশনার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং বিনিয়োগকারীদের স্বার্থে কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কোম্পানি দুটির পক্ষ থেকে কমিশনের পূর্ববর্তী সিদ্ধান্ত প্রত্যাহার এবং প্রস্তাবিত নতুন পর্ষদ অনুমোদনের আবেদন করা হয়েছিল।

নতুন পর্ষদ অনুমোদনের পর কোম্পানি দুটির পক্ষ থেকে কমিশনের আগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা রিট আবেদন প্রত্যাহারের বিষয়েও সম্মতি দেওয়া হয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের আরেক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির নতুন ৯ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দেয় বিএসইসি। ওই কোম্পানিতেও সালমান এফ রহমানকে রাখা হয়নি।

এসএইচ 

Link copied!