ছবি : প্রতিনিধি
ঢাকা: ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন ব্যাংকটির একদল গ্রাহক। এ সময়ের মধ্যে পর্ষদ গঠন করা না হলে ব্যাংকের প্রশাসক জহির হোসেনকে আর দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রোববার (২২ নভেম্বর) দিলকুশার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনটির সদস্য সচিব মোতাছিম বিল্লাহ। সমাবেশে ব্যাংক থেকে এস আলম গ্রুপের হস্তক্ষেপ বন্ধ এবং সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানানো হয়।
সমাবেশে মোতাছিম বিল্লাহ বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে বলে আশা করেছিলেন গ্রাহকেরা। তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের নেতৃত্বে ব্যাংকটির পুনর্গঠনপ্রক্রিয়াও শুরু হয়েছিল। তবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকটির ব্যবস্থাপনায় পরিবর্তন আসে।
তিনি অভিযোগ করেন, ওমর ফারুক খান ও তৎকালীন চেয়ারম্যান জুবাইদুর রহমানকে সরিয়ে দেওয়া হয়। পরে খুরশীদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও গ্রাহক ফোরামের প্রতিবাদের মুখে তিনি দায়িত্ব নিতে পারেননি। এর পরপরই বাংলাদেশ ব্যাংক জহির হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
মোতাছিম বিল্লাহ বলেন, প্রশাসকের দায়িত্ব নেওয়ার সময় জহির হোসেন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করে দায়িত্ব ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রায় পাঁচ মাস পার হলেও পর্ষদ গঠনে দৃশ্যমান অগ্রগতি নেই। এতে ব্যাংকটির পরিচালনা ও ভবিষ্যৎ নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ব্যাংকের নির্বাহী পর্যায়ে নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা অভিজ্ঞ নির্বাহীদের চাকরির বয়সসীমা শেষ হওয়ার আগেই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পরে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন না করেই নতুন করে দুজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
প্রশাসক জহির হোসেনের উদ্দেশে মোতাছিম বিল্লাহ বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে না পারলে তার আর ব্যাংকে থাকার প্রয়োজন নেই।
সমাবেশে গ্রাহক আবুল খায়ের আজাদ বলেন, একসময় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইসলামী ব্যাংককে রক্ষা করতে হলে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের ব্যাংকটির পরিচালনায় যুক্ত করতে হবে। পরিচালনা পর্ষদ গঠনে যোগ্যতা ও পেশাদারত্বকে গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে সরকার সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল। এখন ইসলামী ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান গ্রাহকেরা।
সমাবেশে ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতা, নারী গ্রাহক ও সাধারণ গ্রাহকেরা অংশ নেন। পরে তারা বিক্ষোভ মিছিল করেন।
এএইচ/পিএস







































