• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রেফারেন্স শেয়ার ছেড়ে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২৬, ০১:৩৬ পিএম
প্রেফারেন্স শেয়ার ছেড়ে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার

ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ২৮৫ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। এ জন্য আগের প্রস্তাব সংশোধন করে নতুন সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২ কোটি ইউরোর সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। তবে অর্থ পাওয়ার দিনের ইউরোর বিনিময় হার অনুযায়ী টাকার পরিমাণ চূড়ান্ত হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত সভায় প্রেফারেন্স শেয়ার ইস্যুর আগের সুপারিশ সংশোধন করে। নতুন প্রস্তাবে ১০ টাকা অভিহিত মূল্যের ২৮ কোটি ৫০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, পর্যাপ্ত ইকুইটি সক্ষমতা বিবেচনায় নিয়ে আগের প্রস্তাব পরিবর্তন করা হয়েছে।

এর আগে গত ২৬ অক্টোবর প্রেফারেন্স শেয়ার ইস্যু এবং শেয়ার মূলধন বৃদ্ধি নিয়ে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছিল কোম্পানিটি। পরবর্তী সময়ে নতুন সিদ্ধান্তের আলোকে আগের মূল্য সংবেদনশীল তথ্যও সংশোধন করা হয়েছে। তবে আগের ঘোষণার অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।

এদিকে নতুন প্রস্তাব শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। ওই দিন দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের সিঙ্গার হোম অ্যাপ্লায়েন্সেস কারখানায় সরাসরি ও অনলাইন—উভয় মাধ্যমে সভা অনুষ্ঠিত হবে।

এএইচ/পিএস

Link copied!