ছবি: প্রতিনিধি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার ২০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে নির্বাচন আপাতত হচ্ছে না।
সোমবার ১৯ জানুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
শুনানি শেষে ব্যারিস্টার রাশনা ইমাম গণমাধ্যমকে বলেন, শাকসু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের দেওয়া অনুমোদন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে নির্ধারিত দিনে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে না। চার সপ্তাহ পর আদালতের পরবর্তী আদেশ অনুযায়ী যে কোনো দিন নির্বাচন আয়োজন করা যেতে পারে।
এর আগে রোববার শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী এই রিট করেন।
রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সেই নির্দেশনার পরও শাকসু নির্বাচন আয়োজন করা আইনসংগত নয়। এই প্রেক্ষাপটে নির্বাচন স্থগিতের আবেদন জানানো হয়।
হাইকোর্টের এই আদেশের ফলে দীর্ঘদিন পর শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা আবারও অনিশ্চয়তায় পড়ল।
এসএইচ







































