দেশে সৌরবিদ্যুতের ব্যবহার ও বিস্তার বাড়াতে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬ প্রণয়ন করেছে সরকার। নতুন এই আইনে পাঁচ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুযোগ রাখা হয়েছে।
এসব প্রকল্প বাস্তবায়নে ওপেক্স (অপারেশনাল এক্সপেন্ডিচার) মডেলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ মডেলে সার্ভিস প্রোভাইডার নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। অন্যদিকে, নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে এমন প্রতিষ্ঠান ক্যাপেক্স মডেলেও সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে।
জাতীয় সংসদে পাস হওয়া আইনটিতে রবিবার (২২ নভেম্বর) রাষ্ট্রপতি সম্মতি দেওয়ায় একই দিনে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় আইনটি প্রকাশ করা হয়। আইনটি গত ১৯ অক্টোবর থেকে কার্যকর বলে গণ্য হবে।
আইনে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কম্পানি ও বাসাবাড়ির ছাদ, আঙিনা, ভবনসংলগ্ন পতিত জমি ও জলাশয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুযোগ রাখা হয়েছে। এর আওতায় সৌরচালিত সেচপাম্প, কোল্ড স্টোরেজ, বৈদ্যুতিক যানবাহনের (ইভি) চার্জিং স্টেশন, ভাসমান সৌরবিদ্যুৎ এবং কৃষিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বৃহৎ ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প এ আইনের আওতায় পড়বে না।
এ ছাড়াও আইনে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তি ও নির্বাচনের বিধান রাখা হয়েছে। উপযুক্ত কর্তৃপক্ষ জেলাভিত্তিক যোগ্য সার্ভিস প্রোভাইডারের তালিকা তৈরি করবে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে গ্রাহক প্রতিযোগিতার মাধ্যমে সেবা প্রদানকারী নির্বাচন করতে পারবেন। তবে গ্রাহক চাইলে সার্ভিস প্রোভাইডার ছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানের সাহায্যে প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন।
প্রকল্প বাস্তবায়নে গ্রাহক, সার্ভিস প্রোভাইডার ও উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করতে হবে।
চুক্তিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার মালিকানা, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, বিদ্যুতের বণ্টন, গ্রাহকের প্রাপ্য বিদ্যুতের অংশ, মূল্য নির্ধারণ, নেট-মিটারিং এবং চুক্তির মেয়াদ ও বিরোধ নিষ্পত্তির বিষয়গুলো উল্লেখ থাকবে।
ক্রয়সংক্রান্ত বিশেষ বিধানে ক্যাপেক্স মডেলে পাঁচ কোটি টাকা পর্যন্ত পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার ক্ষেত্রে সীমিত দরপত্র পদ্ধতি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবহার বাধ্যতামূলক করা হয়নি। পাশাপাশি ত্রিপক্ষীয় চুক্তি অনুমোদনের ক্ষেত্রে ক্রয়কারী বা প্রস্তাব আহ্বানকারী কর্তৃপক্ষের এক ধাপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুমোদনকারী হিসেবে নির্ধারণ করা হয়েছে।
আইনে নেট-মিটারিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকের উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এবং বিদ্যুৎ বিলের সঙ্গে সমন্বয়ের বিধান রাখা হয়েছে। বিল সমন্বয়ের পর উদ্বৃত্ত বিদ্যুতের মূল্য সরকার নির্ধারিত ট্যারিফ অনুযায়ী পাওয়ার সুযোগ থাকবে। এ ছাড়া সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকার প্রণোদনামূলক কার্যক্রম ঘোষণা করতে পারবে।
বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রমের নীতিগত দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রীকে সভাপতি করে জাতীয় পলিসি কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। এতে বিরোধীদলীয় নেতা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। পাশাপাশি জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা পর্যায়ে কারিগরি ও সমন্বয় কমিটি গঠন করা হবে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থার তথ্য সংরক্ষণ ও নিয়মিত পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষকে (স্রেডা)।
আইনে সৌরবিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরি এবং চোরাই যন্ত্রাংশ কেনাবেচার অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। সৌরবিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রাংশের ক্ষতিসাধনে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। অবৈধ বিদ্যুৎ সংযোগ এবং স্থাপন, পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ কাজে বাধা দেওয়ার অপরাধেও সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
উল্লেখ্য, এর আগে জারি করা বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ রহিত করে নতুন আইনটি করা হয়েছে। তবে অধ্যাদেশের অধীনে গৃহীত কার্যক্রম ও ব্যবস্থা নতুন আইনের অধীনে গৃহীত হয়েছে বলে গণ্য হবে।
এম







































