• ঢাকা
  • বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রাশিয়ার সবচেয়ে বড় হামলা


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:৩৪ এএম
ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রাশিয়ার সবচেয়ে বড় হামলা

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পাঁচটি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রায় চার বছর ধরে চলমান রাশিয়া–ইউক্রেন যুদ্ধে এর আগে কখনো দেশটির বিদ্যুৎ অবকাঠামোর ওপর এত বড় আকারের হামলা চালানো হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, আগের দিন সোমবার রুশ বাহিনী ইউক্রেনের পাঁচটি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে অন্তত ৪৫০টি বিস্ফোরকবাহী ড্রোন এবং বিভিন্ন পাল্লার ৭০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

হামলার সময়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। সোমবার ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে কিয়েভ সফরে যান যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তাঁর এই সফরের প্রতিক্রিয়াতেই রাশিয়া হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটেক এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরে বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থার ওপর এটি ছিল সবচেয়ে বড় রুশ আগ্রাসন। হামলায় কোম্পানিটির অন্তত ১০ জন কর্মচারী আহত হয়েছেন বলেও জানানো হয়।

এমন এক সময়ে এই হামলা চালানো হলো, যখন রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের মধ্যে বৈঠক চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি বলেন, বর্তমানে ইউক্রেনে তাপমাত্রা মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে এবং রাতের বেলায় তা প্রায়ই মাইনাস ২০ ডিগ্রিতে পৌঁছায়। এই পরিস্থিতিতে সাধারণ জনগণের মধ্যে ভয় ও সীমাহীন ভোগান্তি সৃষ্টি করতেই রাশিয়া এ হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সূত্র: এএফপি

এসএইচ 


 

Wordbridge School
Link copied!