ফাইল ছবি
আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার সামুদ্রিক সীমান্তের কাছাকাছি একটি জাহাজে দুটি ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। আজ শনিবার সকালে গগল্যান্ড দ্বীপের পশ্চিমে এ হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে উপসাগরের পূর্বাঞ্চলে আকাশ ও সমুদ্রপথে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ফিনল্যান্ড। তবে কারা এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানান, জাহাজটির নাবিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। হামলার ক্ষয়ক্ষতি এখনো পুরোপুরি নিরূপণ করা যায়নি। বার্তা আদান-প্রদানের অ্যাপ ম্যাক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাশিয়ার সীমান্ত থেকে মাত্র তিন নটিক্যাল মাইল দূরে কালিনিনগ্রাদগামী একটি কার্গো জাহাজে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে।
এদিকে কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভাননিখ জানান, এ ঘটনার কারণে পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সরবরাহ ঝুঁকির মুখে পড়েনি। বাল্টিক সাগরের তীরে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল। সেখানে পণ্য ও রসদ পরিবহনে সমুদ্রপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অন্যদিকে ন্যাটোর সদস্যদেশ পোল্যান্ডের ভূখণ্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানার ঘটনায় ইউরোপজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দাবি, রাশিয়ার ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ও একটি জেটচালিত ড্রোন পোল্যান্ডের ভূখণ্ডে পড়েছে। ঘটনাটিকে রাশিয়ার ইচ্ছাকৃত উসকানি বলে মনে করছে পোল্যান্ড সরকার। তবে এতে ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
গতকাল শুক্রবার রাতে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার সময় পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন পড়ে। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ ওয়ারশতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ক্ষেপণাস্ত্র দুটি নোভি লিপোভিয়েক ও রুদনিক নাদ সানেম এলাকায় পড়েছে। জেটচালিত ড্রোনটি পড়েছে মলোদিচ এলাকায়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ-পূর্বাঞ্চলে ইউরোপীয় সেনাদের সামরিক মহড়াস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আঘাত হানে। একটি খ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে পড়ে। ড্রোনটি সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ওই রাতেই ইউক্রেনে ব্যাপক হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া ৪০০টির বেশি ড্রোন ও অন্তত ১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এসব হামলায় অন্তত আটজন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, তাঁদের ধারণা, রাশিয়া ইচ্ছাকৃতভাবে এ উসকানি দিয়েছে। পোল্যান্ডে ইউরোপের ১১টি দেশের সেনাদের সামরিক মহড়ার সঙ্গে মিল রেখেই এটি ঘটানো হয়ে থাকতে পারে বলে তিনি মনে করছেন। গত ৯ নভেম্বর পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে দুই সপ্তাহের এ সামরিক মহড়া শুরু হয়। ইউক্রেন যুদ্ধ-পরবর্তী সময়ে স্থিতিশীলতা বজায় রাখা এবং সামরিক সক্ষমতা পুনর্গঠনে সহায়তার সম্ভাব্য প্রস্তুতির অংশ হিসেবে এ মহড়া চলছে।
ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের ক্লিনটন ইনস্টিটিউটের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক স্কট লুকাস বলেন, রাশিয়ার এ ধরনের কর্মকাণ্ড কয়েক মাস ধরে চলা ধারাবাহিকতার অংশ। ন্যাটো কীভাবে প্রতিক্রিয়া জানায়, তা যাচাই করতেই রাশিয়া বিভিন্ন সময় সদস্যদেশগুলোর আকাশসীমায় ড্রোন ও যুদ্ধবিমান পাঠাচ্ছে।
ভূরাজনীতি বিশ্লেষক হ্যারি নেদেলকুর মতে, পোল্যান্ড ছাড়াও রোমানিয়া এবং ন্যাটোর সদস্য নয় এমন মলদোভার আকাশসীমায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রবেশ করেছে। ইউক্রেনকে ন্যাটোর সদস্য হওয়া থেকে বিরত রাখা এবং জোটটির ঐক্য দুর্বল করা রাশিয়ার অন্যতম লক্ষ্য বলে তিনি মনে করেন।
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রবেশকে গুরুতর লঙ্ঘন বলেছেন। এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, ঘটনাটি বিপজ্জনক এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের পরিণতি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেছেন। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ও একে রাশিয়ার চলমান উসকানির আরেকটি উদাহরণ বলে উল্লেখ করেছে।
এদিকে পোল্যান্ড ন্যাটোর পূর্বাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা কার্যক্রম ইস্টার্ন সেন্ট্রির আওতায় আরও সহায়তা চেয়েছে। অতিরিক্ত আকাশ নজরদারি বিমানসহ বিভিন্ন প্রতিরক্ষা সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। তবে পোল্যান্ড এখনো ন্যাটোর ৪ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করার আবেদন করেনি। এ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সদস্যদেশের নিরাপত্তা বা আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে সদস্যরা জরুরি আলোচনায় বসতে পারে।
ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সদস্যদেশের ওপর সশস্ত্র হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে ধরা হয়। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না। সক্রিয় করতে সদস্যদের রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। বিশ্লেষকদের ধারণা, আপাতত ৫ নম্বর অনুচ্ছেদ সক্রিয় হওয়ার সম্ভাবনা কম। কারণ, ন্যাটো ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে চায় এবং রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাত এড়াতে চায়।
অধ্যাপক স্কট লুকাস বলেন, ৫ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করার ক্ষেত্রে উচ্চমাত্রার সীমা রয়েছে। পোল্যান্ডের ওপর ধারাবাহিক ও বড় ধরনের হামলা হলে এ পরিস্থিতি তৈরি হতে পারে। উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশের পর দেশটি ৪ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করেছিল।
বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা এখনই কম। তবে সাইবার হামলা, অপতথ্য ছড়ানো এবং পরোক্ষ তৎপরতা বাড়তে পারে। স্কট লুকাস বলেন, সরাসরি হামলার চেয়ে বড় উদ্বেগ হলো ছায়াযুদ্ধ বা হাইব্রিড যুদ্ধের বিস্তার। তবে ভুল হিসাব বা অনিচ্ছাকৃত ঘটনায় পরিস্থিতি জটিল হতে পারে। হ্যারি নেদেলকুর আশঙ্কা, ন্যাটোর প্রতিক্রিয়া যথেষ্ট কঠোর না হলে রাশিয়া ভবিষ্যতেও জোটটির সীমা পরীক্ষা করে দেখতে পারে।
এদিকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে স্থলভাগের লড়াইয়ের চেয়ে আকাশপথে হামলার তীব্রতা বাড়ছে। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো, পানি সরবরাহব্যবস্থা, সেতু, রেলপথ ও যোগাযোগব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে। এতে বেসামরিক জনগণের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। সব মিলিয়ে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন পড়ার ঘটনা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে। তবে ন্যাটো এখনই সরাসরি সংঘাতে না গিয়ে প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার এবং কূটনৈতিক চাপ বজায় রাখার পথেই এগোতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এসএইচ







































