দেড় কেজির ইলিশ বিক্রি হলো ৪ হাজার ৮৮২ টাকায়

  • বরগুনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৭:৪০ পিএম
দেড় কেজির ইলিশ বিক্রি হলো ৪ হাজার ৮৮২ টাকায়

ছবি : প্রতিনিধি

বরগুনা: বরগুনার পাথরঘাটায় দেড় কেজি ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ৪ হাজার ৮৮২ টাকায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের শাম্মি মৎস্য আড়ত থেকে মাছটি কিনে নেন মৎস্য পাইকার মো. শিমু।

এর আগে রোববার দিবাগত রাতে পাথরঘাটা উপজেলা সংলগ্ন বলেশ্বর নদীতে জেলের জালে ধরা পড়ে বড় আকৃতির এই ইলিশ।

মৎস্য পাইকার মো. শিমু জানান, সকালে বলেশ্বর নদীতে ধরা পড়া ইলিশটি বিক্রির জন্য আড়তদার সাইকুল ইসলামের মেসার্স শাম্মি মৎস্য আড়তে আনা হয়। নিলামে মাছটির প্রতি মণের দর ওঠে ১ লাখ ৪০ হাজার টাকা। পরে নিলামের মাধ্যমে তিনি মাছটি কিনে অধিক লাভের আশায় গোপালগঞ্জের কাশিয়ানী বাজারে পাঠিয়ে দেন।

স্থানীয় জেলেরা জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকেই একের পর এক নিম্নচাপের প্রভাবে সাগর ও নদীতে মাছ ধরায় বিঘ্ন ঘটছে। ফলে অনেক জেলেই নিয়মিত মাছ শিকারে যেতে পারছেন না। এর মধ্যেই জালে বড় ইলিশ ধরা পড়ায় জেলেদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে গত বছরের তুলনায় এ বছর বড় ইলিশের সংখ্যা কম বলে জানান তারা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় নদ-নদীতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে জেলেরা এখনও আশানুরূপ মাছ পাচ্ছেন না। সামনে আরও বেশি ইলিশ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

পিএস

Link copied!