ছবি : প্রতিনিধি
কুড়িগ্রাম: জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় পেশাগত দায়িত্ব পালানকালে স্টার নিউজের কুড়িগ্রাম জেলা সংবাদদাতা মোহাম্মাদ জুবায়েরের উপর বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয় কুড়িগ্রাম প্রেসক্লাব ও কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।
মানববন্ধনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মনোয়ার হোসেন লিটন, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক তামজিদ হোসেন তুরাগ, বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলাম রিগান, ডিবিসি নিউজের সাংবাদিক তুহিন জামান, চ্যানেল২৪ এর সাংবাদিক গোলাম মাওলা সিরাজসহ পেশাদার সাংবাদিকরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক জুবায়েরের উপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
গতকাল বুধবার দুপুরে জুবায়েরকে উলিপুর উপজেলা হলরুমের বাইরে ডেকে বিএনপি নেতা নুরুজ্জামান বাচ্চুর নেতৃত্বে কয়েকজন ছাত্রদল নেতা কোন কারণ ছাড়াই এলোপাথাড়ি মারধর করতে থাকে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে জুবায়ের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
পিএস