ঈদে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:৩২ পিএম
ঈদে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গণপরিবহনে কোনো ধরনের ভাড়া বৃদ্ধি বরদাশত করা হবে না। কেউ অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মাণাধীন টার্মিনাল ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে—ঈদযাত্রায় নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এবার ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও নিরাপদ। যেসব এলাকায় যানজট বা শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকে, সেসব স্থানে বিশেষ নজরদারি থাকবে। ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত রাখা হয়েছে।

শীতলক্ষ্যা নদীর দূষণ প্রসঙ্গে মন্ত্রী জানান, বিষয়টি পরিবেশ মন্ত্রণালয়কে অবহিত করা হবে। পাশাপাশি নিজ মন্ত্রণালয়ের আওতায় করণীয় বিষয়গুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম

Link copied!