জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান তারেক রহমানের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:৪৪ পিএম
জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান তারেক রহমানের

ছবি: পিআইডি

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক সভায় তিনি এ মতবিনিময় করেন।

সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। আপনারা এই সরকারের অবিচ্ছেদ্য অংশ। সরকার তখনই সফল হবে, যখন আপনারা পূর্ণ সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, দেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা। জনগণের ভাগ্যের পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, নারী উন্নয়ন, কর্মসংস্থান ও ক্রীড়াসহ ইশতেহারে উল্লিখিত সব অঙ্গীকার বাস্তবায়নে তিনি সরকারি কর্মকর্তাদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

দেশের নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তারা নিরাপদ বোধ করে। সবাই মিলে কাজ করলে এ লক্ষ্য অর্জন সম্ভব। তিনি দেশ ও রাষ্ট্রের স্বার্থে দাপ্তরিক গোপনীয়তা বজায় রাখা এবং সরকারি নিয়মনীতি কঠোরভাবে অনুসরণের নির্দেশনাও দেন।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠন ও কার্যাবলি বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। সভায় কার্যালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Link copied!