ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০২৬, ০১:২৯ পিএম
ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর ঘোষণা

ফাইল ছবি

ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রাকে সহজ করতে আগামী ১৩ মে থেকে ট্রেনের অনলাইনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বাংলাদেশ রেলওয়ে। আর ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঈদযাত্রা ঘিরে আগামী ১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট। ১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট। পরদিন, অর্থাৎ ১৫ মে মিলবে ২৫ মের টিকিট। একইভাবে ২৬ মের টিকিট পাওয়া যাবে ১৬ মে। এরপর ১৭ মের টিকিট পাওয়া যাবে ২৭ মে।

ফিরতি টিকিট মিলবে ২১ মে থেকে। ওই দিন পাওয়া যাবে ৩১ মের টিকিট। ২২ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট। ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট। ২৪ মে মিলবে ৩ জুনের টিকিট। আর ২৫ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন।

ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রী সাধারণের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার হতে বিক্রয় করতে হবে।

ঈদের ফেরত যাত্রার টিকিট উল্লিখিত তারিখ ছক অনুযায়ী যথারীতি সকাল ৮ ঘটিকা হতে ইস্যু করতে হবে।

পিএস

Link copied!