অসহায়দের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩০, ২০২৬, ০১:৪৮ পিএম
অসহায়দের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

শাহাদাতবার্ষিকীকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ১৬টি স্থানে একযোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। এর মধ্যে রয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ, শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী, জুরাইন ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা।

এছাড়া বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে পৃথক একটি দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

পিএস

Link copied!