ছবি : সংগৃহীত
ঢাকা: রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরো চারদিন সময় পেয়েছে তদন্ত কমিটি।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জাহিদ রায়হান বলেছেন, তদন্ত কমিটিকে আগামী ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি বলেন, “যে শিশুরা মারা গেছে, তাদের মায়েদের সঙ্গে কথা বলার জন্য আরো সময় প্রয়োজন। কারণ আসলেই একটি ওয়ার্ডে এত শিশু মারা গেল আর মায়েরা টের পেল না, এমন হয় না।”
বুধবার ভোরের দিকে আদ-দ্বীন হাসপাতালের ‘পোস্ট অপারেটিভ’ ওয়ার্ডে থাকা ছয় শিশুর সবাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং একে একে তাদের মৃত্যু হয়।
ঘটনার দিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ৩ দিনের মধ্যে শিশুদের মুত্যুর কারণ অনুসন্ধান এবং প্রতিকারের জন্য করণীয় নির্ধারণ করে প্রতিবেদন দিতে বলা হয়।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিবকে (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) সভাপতি করে গঠিত এই কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালককে (হাসপাতাল-১) সদস্য সচিব এবং অধিদপ্তরের সহকারী পরিচালককে (আইন শাখা) সদস্য হিসেবে রাখা হয়।
শনিবার তাদের প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও এখন তাদের আরো চারদিন সময় দেওয়া হল তদন্ত শেষ করার জন্য।
মঙ্গলবার রাতে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছিলেন ১১ জন প্রসূতি এবং তাদের ছয়জনের ছয়টি বাচ্চা। শিশুগুলোর বয়স এক থেকে তিন দিন। আরো পাঁচটি বাচ্চা চিকিৎসার কারণে আগে থেকেই এনআইসিইউতে (শিশুদের জন্য বিশেষায়িত নিবিড় পরিচর্যা কেন্দ্র) ছিল।
বাচ্চাদের ঠান্ডা লাগছে জানিয়ে রাতে এসি বন্ধ করতে বলেন কয়েকজন মা। ঘণ্টাখানেক পর আবার এসি চালু করা হয়। ভোরের দিকে শিশুগুলোর শ্বাসকষ্টের মত লক্ষণ ও বমিভাব দেখা দেয়। তাদের নেওয়া হয় এনআইসিইউতে। সেখানেই একে একে ছয় শিশুর মৃত্যু হয়।
পিএস
আপনার মতামত লিখুন :