ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানো সুমাইয়া সুলতানা ছিয়া চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী। ক্যাম্পাসে সক্রিয় এই শিক্ষার্থী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি নিজের অবিচল আস্থার কথা জানিয়ে রাজনীতি থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে ফেসবুকে এক পোস্টে তিনি পদত্যাগের এই সিদ্ধান্তের কথা প্রকাশ করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক পরিবেশ তার মূল্যবোধের সঙ্গে মিল না থাকায় তিনি এই পথ বেছে নেন।
তবে একে জাতীয়তাবাদী রাজনীতি থেকে তার চিরতরে সরে দাঁড়ানো হিসেবে না দেখার অনুরোধ জানিয়ে তিনি জানান, পদ ছাড়লেও আদর্শ থেকে সরে আসেননি। ভবিষ্যতে সংগঠনের পরিবেশ অনুকূল হলে তিনি পুনর্বিবেচনার কথা ভাববেন।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে লড়েছিলেন সুমাইয়া।
বৈরী রাজনৈতিক পরিস্থিতিতেও প্রতিবাদী কণ্ঠ হিসেবে পরিচিত এই নেত্রী নিজের ফেসবুক মন্তব্যে উল্লেখ করেন যে, প্রতিবাদ করলে বহিষ্কারের শিকার হওয়ার চেয়ে স্বেচ্ছায় সরে দাঁড়ানোই শ্রেয়।
তার এই পদত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানান, এটি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।
অন্যদিকে, গত ২৪ সেপ্টেম্বর একই বিশ্ববিদ্যালয়ের আরেক নেত্রী আঞ্জুমান ইকরাকে দল থেকে বহিষ্কারের ঘটনার রেশ কাটতে না কাটতেই সুমাইয়ার এই স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এসএইচ