দেশ ভালো নেই, মানুষ কষ্টে আছে: জামায়াত আমির

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ০২:৫৫ পিএম
দেশ ভালো নেই, মানুষ কষ্টে আছে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

দেশ ভালো নেই এবং সাধারণ মানুষ কষ্টে আছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে ভালো করতে হলে আলেমদের নামাজের ইমামতির পাশাপাশি সমাজের দায়িত্বও গ্রহণ করতে হবে। জ্ঞান ও আমলের মাধ্যমে সমাজ পরিবর্তনের প্রস্তুতি নিতে তিনি মুফাসসিরদের প্রতি আহ্বান জানান।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদ দেশের আইন রচনা, পরিমার্জন ও কর্তন করে থাকে। কিন্তু অতীতে বর্তমান সংসদে কোরআন-সুন্নাহর সরাসরি লঙ্ঘনের আইন বা বিল পাস হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে দায় ও দায়িত্ব নিয়ে সংশোধনের উদ্দেশ্যে আলেমদের কথা বলতে হবে। তবে কোনো তিরস্কার না করে ভদ্রতার সঙ্গে অন্যায় পরিহার করে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানাতে হবে।

তিনি আরও বলেন, যুগে যুগে নবী-রাসুলরা পথ দেখিয়েছেন এবং ওলামায়ে কেরামকেও সেই রাহবারের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ ও নবীর পথে মানুষকে আহ্বান করার আগে নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ এবং নিজে আমল করার তাগিদ দেন তিনি।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কাউন্সিলে মাওলানা নুরুল আমিন এমপিকে সভাপতি ও মাওলানা নাসির উদ্দিন হেলালীকে সেক্রেটারি করে সংগঠনটির ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।

সম্মেলনে নতুন সভাপতি মাওলানা নুরুল আমিন এমপি বলেন, কোরআনের ময়দানের মতো জাতীয় সংসদকেও আলোকিত করতে হবে এবং এজন্য সবাইকে সাংগঠনিক ক্যারিয়ার প্রস্তুত করতে হবে। কেন্দ্রীয় ওলামা কমিটির সভাপতি মাওলানা আব্দুল হালিম বলেন, আলেমদের ঐক্যের বিরুদ্ধে ও বাংলাদেশবিরোধী কোনো বক্তব্য বরদাশত করা হবে না। সবার আচরণ ও কথা দিয়ে শত্রুকেও বন্ধু বানানোর মানসিকতা থাকতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য দেন ওলামা কমিটির সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী, ড. সামিউল হক ফারুকী, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী ও মুফতি আমির হামজা এমপি।

এসএইচ 

Link copied!