ফাইল ছবি
বিএনপির জ্যেষ্ঠ নেতা ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের নেপথ্যে শারীরিক অসুস্থতা ও চিকিৎসার বিষয়টি প্রধান কারণ হিসেবে সামনে এলেও এর পেছনে রাজনৈতিক অসন্তোষের আলোচনাও রয়েছে। সংসদ সচিবালয় ও দলীয় সূত্র অনুযায়ী, গত চার মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করে চিকিৎসা নেওয়ার কারণে তিনি সংসদ সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও অংশ নিতে পারেননি।
তবে অসুস্থতার বাইরেও তার এই আকস্মিক পদত্যাগের পেছনে রাজনৈতিক কারণ থাকার গুঞ্জন রয়েছে। বিএনপির উচ্চপর্যায়ের সূত্রের দাবি, সরকার গঠনের পর মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় এবং রাষ্ট্রপতি ও স্পিকারের আলোচনায় থেকেও শেষ পর্যন্ত কোনো পদ না পাওয়ায় তার মধ্যে কিছুটা ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছিল, যা তার পদত্যাগের সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে। যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং তিনি দলের ভাইস চেয়ারম্যান পদে বহাল রয়েছেন।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হওয়ার আগে তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২৪ সালের ২৪ অক্টোবর দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়া এই নেতা ত্রয়োদশ সংসদে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
এসএইচ