ফাইল ছবি
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষিত সময়সীমা ডিসেম্বরকে কেন্দ্র করে রাজপথে সর্বশক্তি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির হাইকমান্ডের নির্দেশনায় আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি দলীয় সংসদ সদস্যদেরও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সাংগঠনিকভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চায় দলটি।
ডিসেম্বরের কর্মসূচি সামনে রেখে গত ১৫ নভেম্বর জাতীয় সংসদ ভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠক সূত্র জানায়, বিজয় দিবস, ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বর্ষপূর্তি এবং ৩০ ডিসেম্বর প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে মাসজুড়ে রাজপথে শক্তিশালী অবস্থান জানান দেবে বিএনপি।
এর অংশ হিসেবে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যানারে কনসার্ট এবং ২৮ ডিসেম্বর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজের উদ্যোগে স্মরণসভার পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া বিক্ষোভ সমাবেশ, শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচিও পালন করবে দল ও অঙ্গসংগঠনগুলো।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে জানিয়েছেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তবে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং জনগণও তা প্রতিহত করবে।
দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানান, বিজয় ও শোকের মাস ডিসেম্বরে কেউ সন্ত্রাস বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির প্রক্রিয়া অনুযায়ীই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ করবে না এবং একজন নিরপরাধ মানুষও যেন গুলির শিকার না হন, তা নিশ্চিত করতে চায়।
এসএইচ