ছবি: সংগৃহীত
সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী বিদেশের সঙ্গে সম্পাদিত সকল দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তি জাতীয় সংসদে পেশ করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ৫৮ বিধিতে সাধারণ আলোচনার নোটিশের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জানান। এ সময় তিনি মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর সংক্রান্ত কোনো চুক্তি বা আলোচনা হয়ে থাকলে তা আগামী সংসদ অধিবেশনে স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানান।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অতীতে আন্তর্জাতিক চুক্তিগুলো নিয়ে অনেক লুকোচুরি হয়েছে এবং জাতি সেগুলো সম্পর্কে কিছুই জানত না। তবে বর্তমান নির্বাচিত সংসদে কোনো লুকোচুরি চলতে পারে না উল্লেখ করে তিনি জানান, মাতারবাড়ি প্রকল্পের সঙ্গে অর্থনৈতিক সক্ষমতা ও আঞ্চলিক নিরাপত্তার বিষয় জড়িত থাকায় সংসদে খোলামেলা আলোচনার মাধ্যমে জাতিকে আশ্বস্ত করতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, বিগত দিনে পলাতক ফ্যাসিস্টদের দোসররা দেশজুড়ে ব্যাপক নাশকতা চালাচ্ছে এবং এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিলেও সরকারের সুনির্দিষ্ট নীতিকৌশল ও দৃশ্যমান অগ্রগতি স্পষ্ট হয়নি। বর্তমান সংসদকে চৌদ্দশ শহীদের রক্তের ওপর প্রতিষ্ঠিত মজলুমদের ও ফ্যাসিবাদবিরোধী সংসদ হিসেবে অভিহিত করে তিনি গুম ও খুনের শিকার ব্যক্তিদের প্রসঙ্গ তোলেন।
এ সময় তিনি বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার স্বামী ও সাবেক এমপি ইলিয়াস আলীর নিখোঁজ থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, আজও হাজারো ইলিয়াসের পরিবার জানে না তারা বেঁচে আছেন কি না।
এ ছাড়া দেশের বাজার পরিস্থিতি ও রপ্তানি খাত নিয়ে কথা বলতে গিয়ে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন যে, আমদানি, অভ্যন্তরীণ সরবরাহ এবং রপ্তানি খাতে এখনও সিন্ডিকেটের কালো ছায়া রয়ে গেছে, যার কারণে উৎপাদক ও ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অভ্যন্তরীণ ও আঞ্চলিক ষড়ন্ত্রের মুখে দেশের মূল রপ্তানি খাত ঝুঁকিতে পড়েছে উল্লেখ করে তিনি সব ধরনের সিন্ডিকেট অবিলম্বে ভেঙে দেওয়ার জোরালো দাবি জানান।
এসএইচ