• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সংসদে বক্তব্য ঘিরে উত্তেজনা, মন্তব্য এক্সপাঞ্জের দাবি বিরোধীদলীয় নেতার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৯, ২০২৬, ০৮:২৪ এএম
সংসদে বক্তব্য ঘিরে উত্তেজনা, মন্তব্য এক্সপাঞ্জের দাবি বিরোধীদলীয় নেতার

জাতীয় সংসদে এক সংসদ সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। নিজের পারিবারিক পরিচয় ও রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ এনে তিনি সংশ্লিষ্ট বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান-এর বক্তব্যের জবাবে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, নিজের অবদান তুলে ধরতে গিয়ে অন্যের অবদানকে খাটো করার অধিকার কারও নেই।

তিনি অভিযোগ করেন, তার ব্যক্তিগত পরিচয় ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে দাবি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা তিনি গুরুতর ও অসংসদীয় বলে মনে করেন। পাশাপাশি, কোন রাজনৈতিক আদর্শ অনুসরণ করবেন—এটি তার সাংবিধানিক অধিকার বলেও উল্লেখ করেন তিনি।

বিরোধীদলীয় নেতা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংসদের মর্যাদা রক্ষায় বিতর্কিত ও অসংসদীয় অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি সংসদ সদস্যদের যুক্তিনির্ভর ও সংযত বক্তব্য দেওয়ার আহ্বান জানান, যাতে সংসদের প্রতি জনআস্থা বাড়ে।

এ সময় তিনি আরও বলেন, অযথা ব্যক্তিগত আক্রমণ বা উত্তেজনা সৃষ্টির মাধ্যমে ইতিবাচক ফল আসে না; বরং গঠনমূলক আলোচনাই দেশকে এগিয়ে নিতে সহায়ক।

বক্তব্যের পর স্পিকার জানান, কার্যপ্রণালি বিধি অনুযায়ী কোনো অসংসদীয় শব্দ বা অংশ থাকলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম

Link copied!