• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফ্রি ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি, আবেদন করবেন যেভাবে


সোনালী ডেস্ক নভেম্বর ৭, ২০২৬, ০১:৫২ পিএম
ফ্রি ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি, আবেদন করবেন যেভাবে

ফাইল ছবি

কোনো খরচ ছাড়াই পবিত্র মক্কা ও মদিনা গিয়ে ওমরাহ পালনের অবিশ্বাস্য সুযোগ নিয়ে এসেছে সৌদি আরব। স্মার্টফোনে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েই যে কেউ জিতে নিতে পারেন সম্পূর্ণ ফ্রি ওমরাহ প্যাকেজ। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অনলাইন প্রতিযোগিতা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। মাসজুড়ে প্রতিদিন কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতার এই সুযোগ থাকছে বিশ্বজুড়ে মুসলমানদের জন্য। প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় পুরস্কারের মধ্যে রয়েছে ১০০টি ফ্রি ওমরাহর সুযোগ এবং ১০ হাজার কার্টন জমজমের পানি।

ওমরাহ প্যাকেজের আওতায় বিজয়ী ব্যক্তি তার পছন্দমতো একজন সঙ্গীকে সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এই প্যাকেজে বিজয়ী ও তার সঙ্গীর যাওয়া-আসার বিমান টিকিট, ওমরাহ ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন সম্পূর্ণ ফ্রি থাকবে। এ ছাড়া প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জনকে জমজমের পানির বিশেষ পুরস্কার দেওয়া হবে। এর আওতায় প্রতি বিজয়ী পাবেন ২০ কার্টন জমজমের পানি, যার ১০ কার্টন নিজের জন্য এবং বাকি ১০ কার্টন অন্যদের উপহার দেওয়ার সুযোগ থাকবে।

প্রথমে স্মার্টফোনে সৌদি সরকারের অফিসিয়াল নুসুক অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্টে প্রবেশের পর মূল মেনু থেকে ‘ডিসকভার দ্য চ্যালেঞ্জ’ বা প্রতিযোগিতা-সংক্রান্ত অপশন খুঁজে নিতে হবে।

সেখানে প্রবেশ করে কুইজে অংশ নেওয়ার সুযোগ মিলবে। প্রতিদিন অংশগ্রহণকারীরা একটি করে ডিজিটাল চাবি পাবেন, যা ব্যবহার করে একটি দরজা খুলে সামনে আসা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে লটারিতে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে। এ ছাড়া বন্ধু বা পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে অতিরিক্ত চাবি সংগ্রহ করে প্রতিযোগিতায় জয়ের সম্ভাবনা বাড়ানো যাবে।

তবে প্রতিযোগিতায় অংশ নিলেই ওমরাহ নিশ্চিত নয়, বিজয়ীদের নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। অংশগ্রহণের আগে অ্যাপের নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে নেওয়ার এবং অপরিচিত কোনো লিংকে ব্যক্তিগত বা পাসপোর্টের তথ্য প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এসএইচ 

Link copied!