• ঢাকা
  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে স্কেল কবে বাস্তবায়ন, জানালেন অর্থ প্রতিমন্ত্রী 


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:০৬ পিএম
পে স্কেল কবে বাস্তবায়ন, জানালেন অর্থ প্রতিমন্ত্রী 

ফাইল ছবি

সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, পে স্কেল বাস্তবায়ন হবে, তবে পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপসচিব মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নানসহ কয়েকজন শীর্ষ নেতা।

বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী বলেন, “কর্মচারীরা পে স্কেল পাবেন। কিন্তু নতুন এই বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগবে।” তবে বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।

বৈঠক শেষে এম এ হান্নান সাংবাদিকদের জানান, প্রতিমন্ত্রী তাদের দাবি গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং বাস্তবায়নের বিষয়ে আশ্বস্ত করেছেন। প্রতিমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে ধীরে পে স্কেল পাবেন। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, কিছু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরুন।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান। ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশন–এ দেওয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন।

এর আগে গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে ২১ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)–এর চেয়ারম্যান জাকির আহমেদ খান–কে কমিশনের প্রধান করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। চলতি বছরের ২১ জানুয়ারি কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে জমা দেয়, যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!