মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণে সরকার একাধিক দেশের সঙ্গে নতুন চুক্তি ও কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক অস্থিরতার কারণে বিকল্প শ্রমবাজার খোঁজে সরকার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও অন্যান্য অঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির উদ্যোগ চলছে।
তিনি আরও জানান, সার্বিয়া, গ্রীস, উত্তর মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়ার মতো দেশে শ্রমবাজার সম্প্রসারণে আলোচনা চলছে। পাশাপাশি থাইল্যান্ডের সঙ্গেও কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, মালয়েশিয়া-এর শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সম্প্রতি দেশটি সফর করেছেন, যা ভবিষ্যতে কর্মী প্রেরণের পথ সহজ করবে।
এছাড়া বিদেশে বাংলাদেশ মিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজন হলে বিভিন্ন দেশে স্থানীয় লবিস্ট ও বিশেষজ্ঞ ফার্ম নিয়োগের কথাও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
সংসদে তিনি আরও জানান, দেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক সংখ্যা প্রায় ৩ লাখ ৭৬ হাজার। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষে বাকি শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি উন্নয়নে নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এম







































