• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিনা ভোটে ৪৯ নারী এমপি নির্বাচিত, গেজেট বৃহস্পতিবার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৯, ২০২৬, ০৫:২৬ পিএম
বিনা ভোটে ৪৯ নারী এমপি নির্বাচিত, গেজেট বৃহস্পতিবার

ছবি : সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন সদস্য নির্বাচিত হয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষে একক প্রার্থী থাকায় তাদের সবাইকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার এসব নবনির্বাচিত নারী এমপির গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।
 
বুধবার (২৯ এপ্রিল) প্রার্থিতা প্রত্যাহরের সময় শেষ হওয়ার পর এ নির্বাচনের রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ ঘোষণা দেন।
 
বিকাল ৪টার পরে নির্বাচন ভবনে মঈন উদ্দীন খান জানান, ৪৯ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে, তাদের নাম কমিশনে উপস্থপান করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে গেজেট প্রকাশ করা হবে।

মঈন উদ্দীন খান বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে (প্রত্যাহারের সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা) কোনো প্রার্থী প্রত্যাহারের আবেদন করেননি। শূন্য পদের সমান পদে মনোনয়নপত্রও সমান হওয়ায় আইন অনুযায়ী আগামীকাল (বৃহস্পতিবার) গেজেট প্রকাশ করবো।’ 

এনসিপির মনিরা শারিমিনের মনোনয়নপত্র বাতিল হয়। আর একজনের মনোনয়নপত্র গ্রহণের জন্য বলেছে আদালত। এ বিষয়ে রিটার্নিং অফিসার বলেন, ‘ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে একজন আপিল করেছেন এমন তথ্য এখনও আমাদের কাছে নেই। আরেক প্রার্থী নূসরাত তাবাসসুমের রায়ের কপি দিয়ে গেছেন। ইসি আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে বলেছে। এখন তা নিষ্পত্তি করা হবে। যদি শূন্য হলে আইন অনুযায়ী পদক্ষেপ নেবো।’ 
 
বিএনপি জোটের নির্বাচিত নারী এমপিরা হলেন: সেলিমা রহমান, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন ও বিলকিস ইসলাম।
 
জামায়াত জোটের নির্বাচিত নারী এমপিরা হলেন: জামায়াতের নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির মাহমুদা আলম মিতু, জাগপার তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিশের মাহবুবা হাকিম।

পিএস

Link copied!