ফাইল ছবি
ঢাকা: আন্তর্জাতিক বাজারে সোনার দাম শুক্রবার কমেছে এবং টানা চার সপ্তাহ বৃদ্ধির পর চলতি সপ্তাহে প্রথমবারের মতো পতনের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান অচলাবস্থার কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ছে, যা সোনার বাজারে চাপ তৈরি করেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের একপ্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদন অনুযায়ী, স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২% কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৮৩.২৩ ডলারে নেমে আসে। যা ১৩ এপ্রিলের পর সর্বনিম্ন। পুরো সপ্তাহে সোনার দাম প্রায় ৩% কমেছে। একই সময়ে জুন ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.৫% কমে ৪ হাজার ৬৯৯ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে তেলের দাম বাড়ছে, যা সরাসরি সোনার দামে প্রভাব ফেলছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে উত্তেজনা তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এ সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৮% বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ওপরে অবস্থান করছে।
উচ্চ তেলের দাম সাধারণত মুদ্রাস্ফীতি বাড়ায়, ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার দীর্ঘ সময় ধরে উচ্চ রাখার দিকে ঝুঁকতে পারে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার চাহিদা কমে যায়, কারণ বিনিয়োগকারীরা তখন বেশি আয় দেয় এমন সম্পদের দিকে ঝোঁকে।
সোনার সাথে স্পট মার্কেটে সিলভার ০.৭% কমে প্রতি আউন্স ৭৪.৮৮ ডলার, প্লাটিনাম ১.৪% কমে ১ হাজার ৯৭৮.৮৪ ডলারে দাঁড়ায়। তবে প্যালাডিয়াম ০.৪% বেড়ে ১ হাজার ৪৭৫.৩৫ ডলারে লেনদেন হয়েছে।
পিএস







































