• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’  সতর্ক করলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৯, ২০২৬, ০৬:৩৫ পিএম
ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’  সতর্ক করলেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা স্থবির হয়ে পড়ায় তেহরানকে “দ্রুত বুদ্ধিমান হতে” সতর্ক করেছেন। বুধবার (২৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান একটি অ-পরমাণু চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে এবং পরিস্থিতি সামাল দিতে পারছে না।

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, “ইরান নিজেদের গুছিয়ে নিতে পারছে না। তারা জানে না কীভাবে একটি অ-পরমাণু চুক্তিতে সই করতে হয়।” এ সময় তিনি একটি এআই-নির্মিত ছবি শেয়ার করেন, যেখানে তাকে অস্ত্র হাতে বিস্ফোরণের পটভূমিতে দেখা যায় এবং তাতে লেখা ছিল—“No More Mr. Nice Guy”।

এই মন্তব্য এমন সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। কয়েক দিন আগে ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে নির্ধারিত সর্বশেষ দফার আলোচনা বাতিল করে।

যদিও ওয়াশিংটন জানিয়েছে, তারা ইরানের প্রস্তাব পর্যালোচনা করছে, তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র “খারাপ কোনো চুক্তিতে তাড়াহুড়ো করবে না” এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ইরান আপাতত কঠিন বিষয়গুলো পিছিয়ে দিয়ে যুদ্ধবিরতি জোরদার ও হরমুজ প্রণালী চালু করার ওপর গুরুত্ব দিচ্ছে। তবে যুক্তরাষ্ট্র মনে করছে, এতে তাদের কৌশলগত চাপ কমে যেতে পারে এবং ভবিষ্যতে আবার সংঘাত শুরু হওয়ার ঝুঁকি রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আর্থিক চাপ বাড়ানোর দাবি করেছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক, ক্রিপ্টো লেনদেন, নৌবহর এবং অস্ত্র সংগ্রহ ব্যবস্থার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এসব পদক্ষেপের ফলে ইরানের অর্থনীতিতে প্রভাব পড়েছে বলে দাবি করা হয়েছে। বুধবার ইরানি রিয়াল মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড নিম্নস্তরে নেমে যায়, যা চলমান উত্তেজনার প্রভাব হিসেবে দেখা হচ্ছে।

পিএস

Link copied!