• ঢাকা
  • শুক্রবার, ২২ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাতে ঝড়ের আভাস ১১ জেলায়, ভারী বৃষ্টির শঙ্কা চার বিভাগে


নিজস্ব প্রতিবেদক মে ২২, ২০২৬, ০৭:৪২ পিএম
রাতে ঝড়ের আভাস ১১ জেলায়, ভারী বৃষ্টির শঙ্কা চার বিভাগে

ফাইল ছবি

ঢাকা: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এতে করে দেশের ১১ জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে কয়েকটি বিভাগে। শুক্রবার (২২ মে) বিকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে রাত ১টার মধ্যে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল শনিবার (২৩ মে) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলাসমূহের উপর দিয়ে মৃদ্যু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পিএস

Link copied!