• ঢাকা
  • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোটগ্রহণ কাল


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৯, ২০২৬, ০৭:৪৮ এএম
রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোটগ্রহণ কাল

রাষ্ট্রপতি পদে দীর্ঘ ৩৫ বছর পর ভোটগ্রহণ হচ্ছে বৃহস্পতিবার। যদিও জাতীয় সংসদে সব মিলিয়ে ২৪৭টি আসন নিয়ে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া সময়ের ব্যাপার মাত্র। অপর দিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে ৯০ সংসদ-সদস্য রয়েছেন। সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে ভোট হয়।

মঙ্গলবার বিকাল ৪টায় রাষ্ট্রপতি পদে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে এই ভোটগ্রহণ হবে। এর শুরুতে নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সংসদ-সদস্যদের (ভোটার) ভোটগ্রহণের পদ্ধতি সম্পর্কে জানাবেন।

নির্বাচনের ব্যালট পেপার তৈরির অগ্রগতি জানিয়ে ইসি সচিব বলেন, ব্যালট পেপারের দুটো অংশ থাকবে। একটি মুড়ি অংশ, আরেকটি ব্যালট পেপার অংশ। মুড়ি অংশে থাকে তিনটি তথ্য আর একটি ব্ল্যাংক স্পেস। তিনটি তথ্য হচ্ছে- ক্রমিক নম্বর, সংসদ সদস্যের নাম এবং তার বিভক্তি নম্বর যেটা জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, একটি স্পেসে সংসদ-সদস্য পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালটটা গ্রহণ করবেন। ডান পাশের অংশে থাকবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম। প্রিন্টের পাশে ডানদিকে স্পেস থাকবে যেখানে সংসদ-সদস্যরা তাদের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট দেবেন। এরপরে নির্ধারিত ব্যালট বাক্সে তারা ব্যালট পেপারটা জমা দেবেন। বিকাল ৫টা পর্যন্ত ব্যালট গ্রহণ করা হবে। ভোটগ্রহণ শেষে সংসদকক্ষেই গণনা করা হবে। পরে সেখানে ফলাফল ঘোষণা করবেন নির্বাচনি কর্তা এএমএম নাসির উদ্দিন। পরে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুসারে, পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। ওই ৯০ দিন শেষ হওয়ার আগেই এ পদে ভোটগ্রহণ হচ্ছে। এর আগে গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে ইসি।

সংসদের ৩০০ আসনের মধ্যে একটি আসন শূন্য রয়েছে। সংরক্ষিত আসনে এমপি আছেন ৫০ জন। সব মিলিয়ে ত্রয়োদশ সংসদে ৩৪৯ এমপি রয়েছেন, যারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। এর মধ্যে সংরক্ষিত আসন মিলিয়ে সংসদে বিএনপির সংসদ-সদস্য ২৪৭ জন, জামায়াতের ৭৭, স্বতন্ত্র ৮, এনসিপির ৮, বাংলাদেশ খেলাফত মজলিশের ৩, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১, বিজেপির ১, গণসংহতি আন্দোলনের ১, গণপরিষদের ১, খেলাফত মজলিশের ১ এবং জাগপার ১ জন সদস্য রয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট সরাসরি খারিজ : এদিন জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে আসন শূন্য হওয়া-সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত সোমবার শুনানি শেষে আদালত মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করেন।

আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী বলেন, রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ৭০ অনুচ্ছেদ বহাল থাকল। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন যথারীতি অনুষ্ঠিত হবে।

এর আগে সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ ১৩ আগস্ট ওই রিটটি করেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদে রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়ার বিষয়ে বলা আছে। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।

 এম

Link copied!