• ঢাকা
  • রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১১, ২০২৬, ০৯:১৯ পিএম
ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ

ফাইল ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এই হামলায় আহত চার বাংলাদেশি নাগরিক বর্তমানে রিয়াদের কিং খালিদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা থেকে রিয়াদগামী একাধিক ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন্সগুলো। একই সঙ্গে বেসামরিক স্থাপনায় এমন প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যে নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মোঃ নাসরুল্লাহ বদরপুরি এবং বগুড়ার শাহজাহানপুর উপজেলার মো. শাহেদ আহম্মেদ। তাদের মধ্যে নাসরুল্লাহ বদরপুরি ঢাকার কামরাঙ্গীরচরের জামিয়া রবিউল উলুম মাদ্রাসার শিক্ষক ছিলেন। ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি ঢাকা থেকে রিয়াদ হয়ে মক্কায় যাচ্ছিলেন। রিয়াদ বিমানবন্দরে ট্রানজিট চলাকালে তিনি এ হামলার শিকার হন। অন্যদিকে নিহত শাহেদ আহম্মেদ সৌদিতেই কর্মজীবন অতিবাহিত করছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত শনিবার বিকেলে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-থ্রিতে একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। হামলার সময় টার্মিনালে অবস্থানরত যাত্রী ও কর্মীরা হতাহত হন। এই ঘটনায় সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিভিন্ন দেশের মোট ১২ জন নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে চারজন সৌদি এবং বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের নাগরিক রয়েছেন। হামলায় অক্ষত অন্য বাংলাদেশি যাত্রীদের নিরাপদ হোটেল ও ডরমিটরিতে রাখা হয়েছে।

রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান ও নিহতদের পরিচয় শনাক্তে মিশন কাজ করছে। তিনি নিশ্চিত করেন, নিহতদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে। তিনি মধ্যপ্রাচ্যের এ সংঘাত বন্ধের তাগিদ দিয়ে বলেন, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। অতীতেও মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বহু বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, যা দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক মানুষের জীবন বিপন্নকারী এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে করা যে কোনো হামলা অগ্রহণযোগ্য। বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে সংহতি জানিয়ে সংঘাত বন্ধের তাগিদ দিয়েছে। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে শত্রুতা বন্ধ করে সংলাপ ও কূটনীতির মাধ্যমে টেকসই সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।

এসএইচ 

Link copied!