• ঢাকা
  • সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৬, ২০২৬, ০৪:৪৬ পিএম
বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত প্রযুক্তিনির্ভর উৎপাদন খাতসহ বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে এসব খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।

টোকিওর স্থানীয় সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে ইম্পেরিয়াল হোটেলে মারুবেনি করপোরেশন ও জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (জেবিসিসিইসি) চেয়ারম্যান মাসুমি কাকিনোকি তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন।

বৈঠককালে বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকার একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিভিন্ন নীতিমালার সংস্কার, বিনিয়োগ অনুমোদনের প্রক্রিয়া সহজীকরণ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করার মাধ্যমে জাপানি ব্যবসায়ীদের জন্য সুযোগ সম্প্রসারণে কাজ করছে।

এ সময় কাকিনোকি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে বাস্তবায়িত হলে তা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) আধুনিকায়ন এবং বাংলাদেশে দ্বিতীয় একটি সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে জাপানের সহযোগিতা কামনা করেন।

তিনি বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (বিএসইজেড)-এর উন্নয়নের জন্যও জেবিসিসিইসি এবং মারুবেনি করপোরেশনের সমর্থন চান।

বাংলাদেশ ও জাপানের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে কাকিনোকির নেতৃত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে জাপানি বিনিয়োগের বিস্তার এবং দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে তাঁর ভূমিকার জন্য তাঁকে ধন্যবাদ জানান তিনি।

পিএস

Link copied!