• ঢাকা
  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মেসিবিহীন আর্জেন্টিনার দুশ্চিন্তা বাড়াচ্ছে একের পর এক ইনজুরি


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২০, ২০২৬, ০৯:৪৩ এএম
মেসিবিহীন আর্জেন্টিনার দুশ্চিন্তা বাড়াচ্ছে একের পর এক ইনজুরি

লিওনেল মেসিকে ছাড়া নতুন যুগে প্রবেশের অপেক্ষায় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তবে নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতির আগে দলটির প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একের পর এক খেলোয়াড়ের চোট। উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের এক মাসেরও কম সময় বাকি থাকতে সম্ভাব্য দল নির্বাচন নিয়ে ভাবতে হচ্ছে কোচ লিওনেল স্কালোনি ও তার কোচিং স্টাফকে। খবর আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের। 

আন্তর্জাতিক বিরতিতে প্রথমেই ছিটকে গেছেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলানের হয়ে খেলতে গিয়ে বাঁ উরুর ফ্লেক্সর পেশিতে চোট পেয়েছেন তিনি। এ কারণে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

লাউতারোর অনুপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণভাগে নতুন মুখ দেখা যেতে পারে। শুরুর একাদশে জায়গা করে নেওয়ার দৌড়ে এগিয়ে আসতে পারেন হোসে ম্যানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো কিংবা কোচের বিবেচনায় থাকা অন্য কোনো স্বীকৃত স্ট্রাইকার। ফলে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচের আগে আক্রমণভাগের পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে স্কালোনিকে।

আর্জেন্টিনার জন্য আরেকটি বড় ধাক্কা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের চোট। গত শনিবার চেলসি ও এভারটনের মধ্যকার প্রিমিয়ার লিগের ম্যাচে জ্যারাড ব্রান্থওয়েটের সঙ্গে মাথায় সংঘর্ষের পর তার চোয়ালে ফাটল দেখা দেয়। পরে জরুরি অস্ত্রোপচার করাতে হয় তাকে।

তবে চিকিৎসকদের পরীক্ষায় স্বস্তির খবর পাওয়া গেছে। মাথার সিটি স্ক্যানের পাশাপাশি পিঠ ও ঘাড়ের পরীক্ষাতেও গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। তা সত্ত্বেও প্রায় দেড় মাস মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টিনার এই গোলরক্ষককে।

হাসপাতাল থেকে আশাবাদী বার্তা দিয়ে এমিলিয়ানো লিখেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই তারা আবার মাঠে ফিরবেন। তবে আসন্ন আন্তর্জাতিক বিরতিতে তার অনুপস্থিতি আর্জেন্টিনার গোলরক্ষক নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে কোচিং স্টাফকে।

আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়েও দুশ্চিন্তা তৈরি হয়েছিল। চোটে পড়েছিলেন গুরুত্বপূর্ণ তারকা লিসান্দ্রো মার্তিনেজ। প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে প্রথমার্ধের পর তাকে তুলে নেয়া হয়েছিল। এতে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও পরে জানা যায়, তার চোটটি মূলত আঘাতজনিত।

ফলে কোমোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এবং উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে।

ইনজুরির মিছিলে যোগ দিয়েছেন আর্জেন্টিনা দলের সেন্টারব্যাক ও অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরোও। লা লিগায় অ্যাথলেতিকো মাদ্রিদ ও এস্পানিওলের মধ্যকার ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন রোমেরো। সোমবার চিকিৎসা পরীক্ষায় তার অ্যাডাক্টর পেশিতে টান ধরা পড়ে। তবে চোটটি গুরুতর না হওয়ায় প্রায় ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।

৩১ অক্টোবর লেভান্তের বিপক্ষে ম্যাচে রোমেরোকে ফেরানোর লক্ষ্য রয়েছে অ্যাথলেতিকো মাদ্রিদের। সে অনুযায়ী পুনর্বাসন এগোলে আন্তর্জাতিক বিরতির আগেই সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এই ডিফেন্ডারের।

লাউতারো মার্তিনেজ ও এমিলিয়ানো মার্তিনেজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি আর্জেন্টিনার পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে ক্রিস্তিয়ান রোমেরোর ফিটনেস এবং বিকল্প স্ট্রাইকার বাছাইয়ের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের প্রস্তুতির পাশাপাশি চোটের এই পরিস্থিতি সামাল দেওয়াই এখন স্কালোনির সামনে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বিরতির আগে খেলোয়াড়দের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চূড়ান্ত দল নির্বাচন করতে হবে তার কোচিং স্টাফকে।

এম

Link copied!