চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার কথোপকথন রয়েছে-এমন একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে তার ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে চট্টগ্রাম ও লোহাগাড়া-সাতকানিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ফাঁস হওয়া অডিওতে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়। এর মধ্যে একজন আরমান উদ্দিন বলে অনেকেই দাবি করলেও অন্য ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
অডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করব কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে আরমান সাহেবের কথাই চলবে।’
জবাবে অপর ব্যক্তি, যাকে আরমান উদ্দিন বলে দাবি করা হচ্ছে- তিনি বলেন, ‘এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরও লোকজনের জ্বালায় আসে।’
কথোপকথনের একপর্যায়ে প্রথম ব্যক্তি বলেন, ‘বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকব।’ এর জবাবে অন্যজন বলেন, ‘এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।’
অডিওতে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার বিষয় উঠে আসায় এলাকাজুড়ে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আরমান উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাব? আগে আমাকে অডিওটি দেন, তারপর আমি বিষয়টি বলব।’ পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘ফাঁস হওয়া অডিওর বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অডিওর সত্যতা, উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এম







































