ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। সোমবার (২৬ অক্টোবর) তিনি নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলিজা জামান। সংরক্ষিত নারী আসনে তাঁকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন এলিজা জামান। ২০০৩ সালে তিনি জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছর শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক পান। পরে সমাজসেবায় অবদানের জন্য মাদার তেরেসা স্বর্ণপদকও লাভ করেন।
এলিজা জামান যে আসনে প্রার্থী হয়েছেন, সেটি ফেরদৌসী আহমেদের পদত্যাগের পর শূন্য হয়। গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তাঁর নাম আলোচনায় আসার পর দলীয় প্রধান তারেক রহমানের নির্দেশে তিনি পদত্যাগ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে বিএনপি ৩৬টি পেয়েছিল। এর মধ্যে একটি আসনে সংসদ সদস্য হয়েছিলেন ফেরদৌসী আহমেদ। তাঁর পদত্যাগের কারণে আসনটিতে উপনির্বাচন হচ্ছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
এসএইচ







































