ছবি : সংগৃহীত
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি। দলটি যখনই ক্ষমতায় গেছে, চেষ্টা করেছে ক্ষমতা কুক্ষিগত করতে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় এনসিপির অঞ্চলভিত্তিক সমন্বয় সভার আগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস অনেক আগের। নব্বইয়ের গণঅভ্যুত্থানের সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠে এসেছিল। সে আন্দোলনে থাকা সকল রাজনৈতিক দল সে দাবিগুলো মেনে নিয়েছিলো। কিন্তু ৯৬ সালে বিএনপিই তত্ত্বাবধায়ক সরকারের ফরমুলা না মেনে এক তরফা নির্বাচন দিয়ে ক্ষমতায় গিয়ে টিকতে পারেনি। আন্দোলনের মুখে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে।’
তিনি বলেন, ‘২০০৬ সালেও বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নাটক করেছে। বিচার বিভাগকে রাজনীতীকরণ করে, নিজেদের বিচারপতি বসিয়ে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের একই কায়দায় বিএনপি সব সময় চেষ্টা করেছে ক্ষমতা কুক্ষিগত করতে। কিন্তু আওয়ামী লীগ সফল হয়েছে, বিএনপি সফল হতে পারেনি।’
নাহিদ বলেন, ‘বিএনপি এবারো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে টালবাহানা করছে। নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে। তাদের সে চেষ্টা সফল হতে দেওয়া হবে না।’
পিএস







































